বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের দেয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তার নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ গ্রহণ থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। গত রোববার ঢাকার কাকরাইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান।
স্থানীয় সরকার বিভাগের সচিব ছাড়াও আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম ও মো. ইশরাক হোসেনকে এ নোটিশ পাঠানো হয়েছে। যদিও একই দিনে (রোববার) নির্বাচন কমিশন থেকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট (সংশোধনী বিজ্ঞপ্তি) প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দুই নাগরিকের পক্ষে রোববার এ নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু গতকাল রাতেই নোটিফিকেশন (গেজেট) জারি করে নির্বাচন কমিশন। এখন পরবর্তী কী পদক্ষেপ নেয়া যায়, সেটি নোটিশদাতাদের সঙ্গে আলাপ করে পরে জানানো হবে।
এর আগে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিলের পাশাপাশি বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।