আজ আষাঢ়ের ২৯ তারিখ। বর্ষার ঠিক মাঝামাঝি সময়ে এসে প্রকৃতি যেন তার আসল ও চিরচেনা রূপ মেলে ধরেছে। গত কয়েকদিনের টানা বর্ষণ থামার যেন কোনো নামই নিচ্ছে না।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই রাজধানী জুড়ে নতুন করে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সকাল সকালই আকাশ ভেঙে বৃষ্টি নামায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ কর্মজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এ সময়ে গণপরিবহনের সংকট আর বৃষ্টির কারণে গন্তব্যে পৌঁছাতে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এর আগে শনিবার রাত থেকে শুরু হওয়া রেকর্ডভাঙা ভারী বৃষ্টিতে গতকাল রোববার ঢাকার অধিকাংশ প্রধান সড়ক ও অলিগলি পানির নিচে তলিয়ে গিয়েছিল।
তবে স্বস্তির বিষয় ছিল, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি কিছুটা কম ছিল। এতে করে বিভিন্ন এলাকা থেকে জমে থাকা পানি অনেকটাই নেমে গিয়েছিল। কিন্তু সকাল হতে না হতেই নতুন করে টানা বৃষ্টি শুরু হওয়ায় রাজধানীর নিচু এলাকাগুলোতে আবারও তীব্র জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা, মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।