ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল শুক্রবার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি শামসুল আলম উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আমার বোন আছিয়ার মৃত্যু হয়েছে, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়। স্বাধীনতা ৫৫ বছর হয়ে গেছে অথচ কুরআনের একটা আইন করতে পারলাম না। শাহবাগীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। আছিয়ার হত্যাকারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বিচার করতে হবে। বক্তারা আরও বলেন, কুরআনের আইন বাস্তবায়ন হলে এ দেশে আর কোনো ধর্ষণ হবে না। ব্রিটিশদের আইন বাতিল করতে হবে। শাহবাগীরা যে আন্দোলন নিয়ে আসুক আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।