রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সাপ্তাহিক ছুটির আগের দিন এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় হাসপাতালে অবস্থানরত রোগীদের চলমান চিকিৎসাসেবা অনিশ্চয়তার মুখে পড়েছে। নবজাতকদের মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার পরিচায়ক। তবে এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন ছিল।

তিনি বলেন, হাসপাতালটির কার্যক্রম বন্ধের আগে সেখানে অবস্থানরত রোগীদের বিকল্প চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল। হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্তের ফলে নারী, শিশু ও অন্যান্য রোগীরা দুর্ভোগের মধ্যে পড়তে পারেন।

জামায়াত নেত্রী আরও বলেন, আদ-দ্বীন হাসপাতাল গত প্রায় ৩০ বছর ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বিশেষ করে দেশের অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষ তুলনামূলক স্বল্প খরচে এখানে চিকিৎসাসেবা পেয়ে থাকেন বলে জানা যায়।

তিনি মানবিক বিবেচনায় সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, হাসপাতালটিতে চিকিৎসাধীন নারী, শিশু ও অন্যান্য রোগীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।