ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় ‘তারণ্যের সেমিনার এবং সমাবেশ’ এর ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। প্রথম কর্মসূচি হচ্ছে ৯ ও ১০ মে চট্টগ্রামে। ৯ মে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। দ্বিতীয় কর্মসূচি ১৬ ও ১৭ মে খুলনায়। ১৬ মে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ। তৃতীয় কর্মসূচি ২৩ ও ২৪ মে বগুড়ায়। ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।

চুতর্থ কর্মসূচি ২৭ ও ২৮ মে ঢাকায়। ২৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার। ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এম মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভূতপূর্ব ও জনসম্পৃক্ত নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর বিভাগে ভাগ করে অংশগ্রহণ করবে এ কর্মসূচিতে। এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তাভাবনা সংগ্রহ করা হবে, যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরও জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব। তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৮দিনের এসব কর্মসূচি প্রচারে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চান যুবদলের সভাপতি।