স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা, ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৭০০ টাকা এবং একটি স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের তত্ত্বাবধানে কাশিমপুর মেট্রো থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৃথক তিনটি অভিযানে এসব মাদক উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিমপুর মেট্রো থানা এলাকার পশ্চিম শৈলডুবি (কুতুবনগর) এলাকায় অভিযান চালান। এ সময় কামাল হোসেনের মালিকানাধীন বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ছেলে মোঃ রিপন হোসেন (২০)-কে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এরপর ৫ জুলাই রাত ২টা ৫০ মিনিটে সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকায় 'জাহেরা খালার' বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, ৪ জুলাই রাত ১১টা ২০ মিনিটে এসআই (নিরস্ত্র) আল আমিনের নেতৃত্বে সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড় এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে আরও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা এবং একটি স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা এলাকার পশ্চিম শৈলডুবি (কুতুবনগর) গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ রিপন হোসেন (২০), ভোলা জেলার ভোলা সদর থানা এলাকার সাচিয়া গ্রামের রইচ উদ্দিন আলমগীরের মেয়ে মোছাঃ আকলিমা (৪২), বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা এলাকার সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকায় বসবাসকারী, নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকার নোয়াপাড়াহাট গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ রাব্বি সম্রাট (২৩), বর্তমানে সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকায় বসবাসকারী, রংপুর জেলার বাউনিয়া থানা এলাকার পূর্ব মিয়াপাড়া গ্রামের মোঃ একরামুলের ছেলে মোঃ মোস্তাকিম (২২), বর্তমানে সারদাগঞ্জ বাঘাবাড়ি এলাকায় বসবাসকারী, গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা এলাকার সারদাগঞ্জ পশ্চিমপাড়া পুকুরপাড় গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মোঃ রবিউল আলম (৩৮), নাটোর জেলার নাটোর সদর থানা এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ আব্দুস ছালাম (৪৫), বর্তমানে সারদাগঞ্জ মোল্লাপাড়া এলাকায় বসবাসকারী এবং গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা এলাকার সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড় গ্রামের আলমগীরের ছেলে মোঃ মামুন (২৮)।

পুলিশ জানায়, উদ্ধার করা আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মহানগরজুড়ে মাদক নির্মূলে কাশিমপুর মেট্রো থানার এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।