জুলাই বিপ্লবে শহীদ উমরের মা রুবি আকতার বলেছেন, ব্যক্তিগতভাবে আমি চাই, আগে দেশ সংস্কার হোক তারপর নির্বাচন। আমাদের ছেলেদের হত্যার এখনো বিচার হয়নি। আমি সব খুনির বিচার দাবি জানাচ্ছি। স্বৈরাচার আমাদের হীরের টুকরোদের শেষ করে দিয়েছে। শুক্রবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে জুলাইয়ের শহীদ পরিবার, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের সম্মানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহ নারাজ হলে কেউ কোনো দিন ক্ষমতা রাখতে পারে না। আল্লাহ ওই স্বৈরাচারের ওপর নারাজ ছিল। আমরাও নারাজ। আর কোনো স্বৈরাচার যেন এদেশে আসতে না পারে। কোনো বৈষম্য যেন এদেশে আর না হয়। বৈষম্য দূর করতেই আমার ছেলেরা রাজপথে নেমেছিল, শহীদ হয়েছিল। সবার কাছে অনুরোধ, সততা, ন্যায়পরায়ণতা, অ্যাকটিভিটি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মতো দেশে যোগ্য নেতৃত্ব আসতে হবে। যোগ্যতার সঙ্গে কাজ করতে হবে।
“গত ৫ আগস্ট আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে। জাতীয় নাগরিক পার্টিকে অনুরোধ জানাবো, আমি সবসময় সততার মধ্যে চলতে চাই, বাঁচতে চাই। আপনারাও ছাত্র। আপনারা সততা বজায় রেখে দেশ চালানোর জন্য এগিয়ে যাবেন এটি আমার অনুরোধ।”
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, এনসিপি নতুন পলিটিক্যাল কালচারকে ধারণ করতে পারবে। এনসিপি নারীদের সামনে নিয়ে এসেছে যেটা নয়া রাজনীতির বন্দোবস্তেরই অংশ। এনসিপি নারীদের ইনক্লুসিভিটি নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের এমপি ফজলে করিম চৌধুরী'র চার্জশিট থেকে অনেক অপরাধীর নাম বাদ পড়েছে। এইসব নিয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।