সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালী এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী প্রভাষক মো. ওমর ফারুক।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি আমিরুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. ওমর ফারুক বলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বিশেষ উন্নয়ন বরাদ্দের আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে রাস্তা, ড্রেন, কালভার্টসহ নানা অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রমের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ লাঘব হবে এবং নাগরিকদের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

তিনি আরও বলেন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, পরিবেশের উন্নয়ন ঘটবে এবং শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাটকেখালী এলাকার মানুষ জলাবদ্ধতার কারণে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের দুর্ভোগ অনেকাংশে কমবে এবং এলাকার পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।