গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা রোডের ফকির বাজার এলাকায় অবস্থিত মেট্রিক গার্মেন্টসের ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে ডাম্পিংয়ের কাজ অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে গার্মেন্টস কারখানার ছয়তলা ভবনের একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন থেকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়লে কারখানায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুনের পুনরায় বিস্তার রোধে ঘটনাস্থলে ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।
জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক, মোঃ মামুন হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সদস্যরা দ্রুত ও সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন সম্পূর্ণ নির্বাপণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডাম্পিং কার্যক্রম চলমান রয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।