গাজীপুরের কাপাসিয়ায় মাদক মামলার এজাহারভুক্ত আসামিকে ধরতে গিয়ে তার লোকজনের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম (৫০) এবং বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)। হামলায় দুথজনেরই মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাদের প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা জানান, আহতদের মাথায় ধারালো ও ভাঙা বস্তু দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে, যা গুরুতর।
আহত এসআই মনিরুল ইসলাম জানান, মাদক মামলার এজাহারভুক্ত আসামি আল আমীনকে ধরতে বুধবার রাত ১২টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সৈয়দপুর গ্রামে অভিযানে যান। অভিযানের সময় আল আমীন ও তার লোকজন হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার ও আনসার সদস্য মনিরুজ্জামানের মাথায় মারাত্মকভাবে আঘাত লাগে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জয়নাল আবেদীন মন্ডল জানান, আসামি আল আমীনকে গ্রেপ্তারের সময় তার সহযোগীদের সংঘবদ্ধ হামলায় দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।