আগামী ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের সিডিউল দেয়ার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

গত বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয়েছে।

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একইসঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত।

অন্যদিকে রিটকারী আইনজীবী কাজী আকবর আলী জানিয়েছেন, হাইকোর্ট রিটটি খারিজ করায় তারা আপিল বিভাগে যাবেন। ফলে এখনই শপথ পড়ানো যাবে না। এডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান প্রেরিত নোটিশে বিবাদী করা হয়, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে। নোটিশে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারী। ৫ বছর মেয়াদ শেষের ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করার আইন রয়েছে। আইন অনুযায়ী ৭ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য নোটিশে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টের রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।