বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান কক্সবাজার জেলার বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি রোববার (১২ জুলাই) সকাল থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন, চকরিয়া পৌরসভা, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন, সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নসহ বিভিন্নভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের সমবেদনা জানিয়ে সহজভাবে দুর্যোগ কাটিয়ে উঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

দুর্গত এলাকা পরিদর্শনকালে মুহাম্মদ শাহজাহান বলেন, সম্প্রতি প্রবল বর্ষণে জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

প্রায় ২৫ জন মানুষের জীবন প্রদীপ নিভে গিয়েছে। পানিবন্দি মানুষের অসহায়ত্ব চোখে পড়ার মতো। মানুষের এহেন চরম দুর্ভোগে সরকারি সহযোগিতা, উদ্ধার তৎপরতা ও জীবন বাঁচানোর প্রদক্ষেপ লক্ষনীয় নয়। মানুষের দুর্ভোগের তুলনায় সরকারি-বেসরকারি পর্যায়ের সহযোগিতা অপ্রতুল। আমি বন্যায় বিপন্ন মানুষের সহযোগিতার জন্য সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যার প্রাথমিক অবস্থা থেকে পানিবন্দি মানুষকে আমাদের সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা, শুকনো খাবার বিতরণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে আসছে। নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। দুর্যোগ কাটিয়ে না উঠা পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর সামগ্রিক যে ক্ষত ভেসে উঠবে তা দ্রুত সময়ে সংস্কার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, কক্সবাজার শহর নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, চকরিয়া পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।