গত ২৭ এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে ১ বাংলাদেশী যুবককে মর্মান্তিকভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল সোমবার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ২৭ এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিএসএফের গুলীতে গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে মো: ওবায়দুল নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে, ভারতীয় বিএসএফ ঠান্ডা মাথায় অব্যাহতভাবে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী নাগরিকদের পাখির মত একের পর এক গুলী করে হত্যা করেই যাচ্ছে। উল্লেখ্য যে, গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ১৬ জন বাংলাদেশীকে গুলী করে হত্যা করেছে এবং ৪৮জনকে আহত করেছে। বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফের সব হত্যাকা-ের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকান্ড বন্ধ করছে না। ভারতের এ ধরনের একগুঁয়েমির কারণেই দু’দেশের মধ্যে সম্পর্কের কোন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।
বাংলাদেশ সীমান্তে বিএসএফের বাংলাদেশীদের হত্যাকান্ড বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোরালো আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।