রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। এছাড়া মোহাম্মদপর, যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ জন আহতে হয়েছেন। অন্যদিকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোনসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ঈদের ছুটি চলাকালীন সময়ে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুুলিশ।

মিরপুরের পল্লবী এলাকার ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে রোববার গভীর রাতে প্রাইভেটকার নিয়ে ছিনতাই করার সময় রিয়াদ হোসেন (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করে জনতা। এসময় প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা আরও ২ ব্যক্তি পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতার মারধরের একপর্যায়ে সেনাবাহিনীর একটি টহল টিম রিয়াদকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ও পল্লবী থানা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে পল্লবী থানায় নিয়ে গেলে গুরুতর আহত দেখে রিয়াদকে গ্রহণ করতে রাজি হয়নি পল্লবী থানার ডিউটি অফিসার। পরে তাকে আবার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তাকে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে রিয়াদের স্ত্রী ও তার আত্মীয়-স্বজন ছিলেন। তাদের সহযোগিতায় রিয়াদকে পল্লবী থানায় নিয়ে আসা হয়। ওই দিন গভীর রাতে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে রিয়াদ মারা যান।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলাটির তদন্তকার্যক্রম শুরু হয়েছে তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩ : মঙ্গলবার সকালে শ্যামপুরের মীর হাজিরবাগ এলাকায় ছিনতাইকারি কর্তৃক ছুরিকাঘাতে সিএনজি চালক পান্নু মাতব্বর (৪০) গুরুতর আহত হয়েছেন। এসময় তার সাথে থাকা নগদ ২৬ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। আহতের ভাতিজি মোছা: রুমা জানান, মীর হাজিরবাগ এলাকায় হাবু কমিশনারের বাড়ির কাছের ইঞ্জিনিয়ার গলিতে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। তবে শ্যামপুর থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

একই দিনে মোহাম্মদপুর ৪০ ফিট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন ফুডপা-ার ডেলিভারি কর্মী মানিক মিয়া। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার দুলাভাই সুমন জানান, রাত ১১টার দিকে বসিলার ৪০ ফিট এলাকায় খাবার ডেলিভারি দিতে গিয়েছিল মানিক। পথিমধ্যে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তার কাছ থেকে ফুডপান্ডার ব্যাগ, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজার ইমন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ইমনকে হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু নাঈম। তিনি জানান, ডিউটি শেষ করে গ্রামের বাড়ি বরিশাল যাওয়ার জন্য ভোরের দিকে সায়েদাবাদ রেল ক্রসিং পার হচ্ছিল ইমন। এ সময় ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে বাধা দিলে তার কোমরের নিচে ছুরি মেরে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, রাতে মোহাম্মদপুর থেকে এবং সকালে যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

চোরাই ল্যাপটপসহ গ্রেফতার ২ : পল্লবী এলাকার একটি বাসা হতে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। তারা হলেন, মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও ২। মোঃ তোফায়েল আহম্মেদ (২৬)। রোববার তাদের গ্রেফতারের সময় কাছ থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার মোঃ সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় থাকেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেওয়ার জন্য গত ২১ মার্চ বিকালে সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বাসাটি দেখতে আসে মাহথির মোহাম্মদ খান তমাল। তিনি বাসাটি পছন্দ হলে সে সাবলেট বাসা ভাড়া নেয়। এরপর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে সে চলে যায় এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দিবে বলে জানায়। পরে সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুইটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যায়। এ ঘটনায় বাড্ডা থানায় ৩০ মার্চ একটি মামলা করা হয়।

পুুিলশ জানায়, মামলাটি তদন্তকালে ৩০ মার্চ সকালে পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাহথির মোহাম্মদ খান তমাল ও সহযোগী মোঃ তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ২৮ হাজার টাকা।