‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসেন বলেছেন, জনগণের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হলে হাসিনার মত পরিনতি হবে। হাসিনা পালিয়েছে ভারতে। আপনারা পালানোর মত জায়গায় খুঁজে পাবেন না। অবিলম্বে জনগণের গণরায় বাস্তবায়ন করুন।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় নগরীর আইটি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে “গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক মজিবুর রহমানের পরিচালনায় সেমিনারে ড. মোবারক হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।‎

‎ড. মোবারক হোসেন বলেন, সহস্র শহীদের আত্মত্যাগ, অসংখ্য আহত মানুষের ত্যাগ এবং জনগণের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত, আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি তিনি ওসমান হাদী হত্যা মামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

‎অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মু. শহিদুল্লাহ। তিনি গণভোটের গুরুত্ব, জনগণের মতামতের মূল্যায়ন এবং রাষ্ট্র পরিচালনায় জনঅংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

‎সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব আবু রায়হান, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, মোহাম্মদ হোসাইন, কাজী নজির আহম্মেদ, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, শাহাদাত হোসেন, মিজানুর রহমান এবং অধ্যাপক শহিদুল ইসলাম।

‎সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।