নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উপ-হাইকমিশনার পদে তার বদলি আদেশ বাতিল করা হয়েছে এবং দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে ডেপুডি হাইকমিশনার হিসেবে বদলি করা হয়েছিল। যোগদান করার আগেই তিনি উপদূতাবাসে কুরবানি দেয়ার প্রথা বন্ধের নির্দেশ দেন। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনার মুখে তাকে কলকাতা উপদূতাবাসে বদলির আদেশ বাতিল করে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) নওরিদ শারমীন সই করা এক অফিস আদেশে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে (শাবাব বিন আহমেদ) সদর দপ্তর ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্বভার (মিনিস্টার বাংলাদেশ দূতাবাস, দ্যা হেগ) ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। গত ২১ নভেম্বর আপনার অনুকূলে জারিকৃত কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উপ-হাইকমিশনার পদে আপনার বদলি আদেশ বাতিল করা হলো।