চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে সাতজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে দায়িত্ব পালনরত নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির সদস্যদের তৎপরতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ওই প্রচেষ্টা রুখে দেওয়া হয়।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর-এর নিকট এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষ ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে চাড়ালডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
এ সময় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করেন। পরে তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেওয়া হয়। বর্তমানে সীমান্তের নিকটবর্তী একটি নিরাপদ ও অনির্ধারিত অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
১৬ বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্ত সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও নিয়মিত যোগাযোগ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির তৎপরতা স্থানীয়দের মধ্যেও আস্থা তৈরি করেছে।