শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো তিন মাসব্যাপী বেসিক জাপানি ভাষা ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) প্রস্তুতিমূলক কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে গাকৃবি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। কোর্স ইনস্ট্রাক্টর প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন এবং প্রথম ব্যাচের ৩৫ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

কোর্স ইনস্ট্রাক্টর প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন পাঠক্রম, মূল্যায়ন পদ্ধতি ও জাপানি ভাষা শিক্ষার সম্ভাবনা তুলে ধরে বলেন, এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক বৃত্তি এবং জাপানে কর্মসংস্থানের সুযোগ গ্রহণে আরও সক্ষম হবে।

প্রধান অতিথির বক্তব্যে গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান বিশ্বে কেবল একাডেমিক সাফল্য নয়, আন্তর্জাতিক ভাষাজ্ঞান ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। জাপানি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও বৈশ্বিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিশ্ববিদ্যালয়কে আরও আন্তর্জাতিকমুখী করে তুলবে।

শেষে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।