পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে গাজীপুরের টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৬ জুন) টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী ও পরিবেশ সচেতন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা এবং কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, 'পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, জলবায়ু নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা।'
তিনি আরও বলেন, 'ইসলাম প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) পরিবেশের প্রতি সদয় আচরণের শিক্ষা দিয়েছেন। তিনি বিনা প্রয়োজনে গাছের পাতা ছেঁড়া কিংবা বৃক্ষ ধ্বংস করাকে নিরুৎসাহিত করেছেন। ফলে বৃক্ষরোপণ কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক ও ধর্মীয় কর্তব্যও বটে।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফখরুল আলম সিফাত, যুব বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মিডিয়া বিভাগের দায়িত্বশীল আবু হানিফ তুহিন, ৪৫ নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা বলেন, ক্রমবর্ধমান নগরায়ণ, বন উজাড় এবং পরিবেশ দূষণের ফলে দেশে জলবায়ু ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
আলোচনা শেষে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।