জ্ঞানচর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক প্রেরণাকে সামনে রেখে ইসলামিক মিশন জাপানের নাগোয়া–ওসাকা অঞ্চলের দায়িত্বশীল ও কর্মীদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি সূরা আস-সফ-এর আলোকে দারস পেশ করেন এবং ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব, আদর্শিক দৃঢ়তা, ঐক্য এবং ত্যাগের চেতনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
রবিবার (১৯ জুলাই ২০২৬) আইচি অঞ্চলের ওয়ারিআসাহি শহরের একটি ভেন্যুতে আয়োজিত এ শিক্ষা বৈঠকে ইসলামিক মিশন জাপানের নাগোয়া উত্তর, নাগোয়া দক্ষিণ ও ওসাকা শাখার সদস্য, কর্মী এবং বিভিন্ন উপশাখার দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রারম্ভিক অধিবেশনে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্যে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ শিক্ষা, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ “উপশাখা পরিচালনায় দায়িত্বশীলের ভূমিকা” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন। তিনি দক্ষ নেতৃত্ব, কার্যকর পরিকল্পনা এবং কর্মীদের মাঝে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী কর্মসূচিতে “ইসলামী আন্দোলন কী এবং কেন” বিষয়ে গ্রুপভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপনের মাধ্যমে নিজেদের চিন্তা ও উপলব্ধি প্রকাশ করেন।
দ্বিতীয় অধিবেশন শুরু হয় ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মালেকের “ইসলামিক মিশন জাপান: যে অতীত প্রেরণার” শীর্ষক আলোচনার মাধ্যমে। তিনি সংগঠনের ৩৭ বছরের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম এবং প্রবাসে ইসলামী দাওয়াহ ও সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া দিনব্যাপী আয়োজনে কুইজ প্রতিযোগিতা, কর্মশালা এবং কর্মী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্বে বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপি শিক্ষা শিবিরে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. শাহরিয়ার কামাল, কেন্দ্রীয় সমাজকল্যাণ ও প্রকাশনা সম্পাদক মীর আলী আহকাম লিখন এবং কেন্দ্রীয় দাওয়াহ (জাপানিজ) বিষয়ক সম্পাদক শাহ আলম শিকদার।
সবশেষ কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদের সমাপনী বক্তব্য এবং প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শিক্ষা বৈঠকের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।