আগামী দিনের আন্দোলন হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে। যারা ১ হাজার ৪০০ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৯ জুলাই) দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, ‘২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে নতুন আশা ও আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। সংস্কার, বিচার ও রাষ্ট্র পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপি বলেছিল দেশে সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, ১ হাজার ৪০০ হত্যাকাণ্ডের বিচার হবে, আজাদীর স্বপ্নপুরুষ ওসমান হাদীর হত্যার বিচার হবে, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের অপেক্ষায় ছিলাম, তখন বিএনপির নেতাকর্মীদের থানায় গিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করার জন্য তদবির করতে দেখা গেছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না। জনগণের শক্তির ওপর ভর করেই নতুন বাংলাদেশ গড়তে চাই