গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। রোববার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে জেলার শিক্ষা, আইনশৃঙ্খলা, তরুণ সমাজের উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান, জেলা সেক্রেটারি বায়জিদ মাহমুদ, জেলা অফিস সম্পাদক আনিসুর রহমান, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহিস সাকিব, জেলা সাংস্কৃতিক সম্পাদক হানজালাহ ইবনে ওমর, জেলা বিজ্ঞান ও বিতর্ক সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, জেলা অফিস বিভাগীয় সদস্য হাফেজ ইমরান হোসাইন, কাপাসিয়া উত্তরাঞ্চলের সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে গাজীপুর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ, তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকি বলেন, জেলার টেকসই উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি বিকাশে তাঁরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষা, সমাজসেবা, জনসচেতনতা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জেলার উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।