সরকার পাল্টানোর রাজনীতি জামায়াতে ইসলামী করে না। বরং জনগণের প্রত্যাশা পূরণ ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করলে জামায়াত তার ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

রাজধানীর উত্তরায় সোনারগাঁ জনপথ সড়কের পাশে একটি মিলনায়তনে অনুষ্ঠিত নগর উন্নয়নে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, সরকারের মধ্যে ধৈর্য ও বিচক্ষণতার অভাব রয়েছে। অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করার চেষ্টা না করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, জুলাইয়ের আন্দোলনে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণরা দেখেছিল, তার অনেক কিছুই এখনও বাস্তবায়িত হয়নি।

ডিএনসিসির মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল সেবাকে দুর্নীতিমুক্ত করতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণ ও সেবা কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ ও বাসযোগ্য নগর গঠন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নগর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও কামনা করেন তিনি।

এছাড়াও সেলিম উদ্দিন বলেন, নগরবাসী আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় দুর্ভোগ দেখতে চায় না। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক ঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় জামায়াতের এই নেতা বলেন, দেশের অধিকাংশ তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। মেধাবী তরুণদের যথাযথ সুযোগ প্রদান করা হলে তারাই একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবে বলেও জানান সেলিম উদ্দিন।

সেমিনারে অংশ নেওয়া শতাধিক তরুণ-যুবক নগর উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।