ইরানের বিরুদ্ধে পরিকল্পিত মার্কিন সামরিক হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির আভাস দেখা গেছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার (১২ জুন) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৪২ মিনিট পর্যন্ত লেনদেনে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলারে।

শুধু দৈনিক লেনদেনেই নয়, সাপ্তাহিক ভিত্তিতেও তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা কমে আসায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকি হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিমান হামলার পরিকল্পনা বাতিল করেছেন। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, প্রয়োজনে ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হবে।

তবে ট্রাম্পের দাবি, তেহরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।