দেশের বৃহত্তম শরিয়াহ-ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সুশাসন শক্তিশালীকরণ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে একটি সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ব্যাংকটিতে নতুন নিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন।

আজ সোমাবার (১৫ জুন) দুপুরে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ব্যাংকটির বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ৫ সদস্যের একটি দক্ষ, পেশাদার ও সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের জন্য কাজ চলছে। ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকদের কোনো ধরনের উৎকণ্ঠা ছাড়াই নিয়মিত লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ১৪ জুন (রোববার) আমানতকারী ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষার্থে ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বোর্ডের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত করতে এবং চলমান তারল্য সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক একই দিনে ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকার বিশেষ ঋণ অনুমোদন করেছে।

উল্লেখ্য, গত ২৪ মে সাবেক চেয়ারম্যান পদত্যাগ করার পর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের একটি অংশের মধ্যে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ দেখা দেয়, যার ফলে ব্যাংকটি সাময়িক তারল্য চাপের মুখে পড়েছিল। নতুন নিরপেক্ষ বোর্ড গঠনের এই উদ্যোগ ব্যাংকটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।