ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তীব্র দাবদাহ ও অনবরত আফটারশকের (অনুকম্পন) কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৮৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এবং ২২ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অন্তত ৪৭৯ জন আহত হওয়ার পাশাপাশি এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের তীব্রতায় বহু ঘরবাড়ি, শপিং মল, স্কুল ও হাসপাতাল ধসে পড়েছে। রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়ায় বেশ কিছু এলাকা অন্তত এক সপ্তাহের জন্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকারি হাসপাতালের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ১,১৫৯টি শ্রেণিকক্ষ ও প্রায় ১,৫০০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে, যাতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকায় সুনামি সতর্কবার্তা জারি করে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়। বর্তমানে নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ড ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। তবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এখনও হতাহতদের প্রকৃত সংখ্যা যাচাই করছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে হালনাগাদ আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।