সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) বারি’র প্রধান কার্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল-'জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই, অভিযোজনই হোক কৃষি বিজ্ঞানীদের শ্রেষ্ঠ সাফল্য।'

বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির বিভিন্ন প্রজাতির ফলদ, মসলা, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ রোপণের মাধ্যমে কার্বন শোষণ, মৌমাছির আবাসস্থল সৃষ্টি এবং পরাগায়ন বৃদ্ধি পাবে, যা ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত করবে। একই সঙ্গে এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আয়োজক আঞ্চলিক মসলা কেন্দ্র গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহা. মাসুদুল হক ঝন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই বৃক্ষরোপণের পাশাপাশি কৃষিবিজ্ঞানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটাভিত্তিক প্রযুক্তির সমন্বয় সময়ের দাবি। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কার্বন ক্রেডিট অর্জন, মৌমাছি ও পাখির আবাসস্থল সৃষ্টি এবং পরাগায়নের মাধ্যমে ধান, সরিষা, সূর্যমুখী, ডাল, ফল, সবজি, মসলা ও পেঁয়াজ বীজের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা উইং) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাউছার উদ্দিন আহম্মেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. মো. মোশারফ হোসেন মোল্লা, বারি’র সকল বিভাগীয় ও কেন্দ্র প্রধান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট শ্রমিকবৃন্দ।

বারি সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন কেন্দ্র, আঞ্চলিক কেন্দ্র, স্টেশন ও উপকেন্দ্রে আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে প্রায় সাড়ে সাত লাখ ফলদ, মসলা, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা উৎপাদন, বিতরণ, রোপণ ও পরিচর্যা করা হবে। এর মধ্যে প্রথম বছরেই প্রায় ১ লাখ ৩৩ হাজার চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।