ঘরের মাঠে ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপের শুভসূচনা করল মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে এবারের আসরের প্রথম গোল করে অনন্য এক কীর্তি গড়েন মেক্সিকোর হুলিয়ান কিনোনেস। ম্যাচ শুরুর ৮ মিনিট ৩২ সেকেন্ডে প্রথম গোল করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। যা গত ২০ বছরের মধ্যে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড। মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে গোলের জন্য জোরালো এক প্রচেষ্টা চালায় মেক্সিকো। ডান প্রান্ত দিয়ে দৌড়ে গিয়ে বক্সের ঠিক বাইরে বল পান রাউল হিমেনেজ। দৌড় থামানোর আগেই বুলেট গতির এক ভলি! তবে দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনউইন উইলিয়ামস দারুণ দক্ষতায় ডান হাত দিয়ে বলটি বাইরে ঠেলে দিয়ে দলকে বাঁচান। তবে ডি-বক্সের বাইরে গড়বড় করে ফেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ, এক ডিফেন্ডারের দুর্বলতায় বল পেয়ে ডি-বক্সে ঢুকে শট নেন কিনোনেস, গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বলে চলে যায় জালে। এতেই এবারের বিশ্বকাপের গোলের সূচনা হয়। ২০২৪ সালের জুনের পর মেক্সিকোর হয়ে কিনোনেসের প্রথম গোল এটি। এর আগে ২০০৬ সালে জার্মানি ও কোস্টারিকার উদ্বোধনী ম্যাচে ফিলিপ লাম মাত্র ৬ মিনিটে গোল করেন। তার করা সেই গোলটিই উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপে দ্রুততম গোল।