বিশ্বকাপের গ্রুপ এফে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল নেদারল্যান্ডস ও সুইডেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচটি গ্রুপ সেরার লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে।
প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেদারল্যান্ডস। অন্যদিকে তিউনিসিয়াকে ৫ ১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে সুইডেন। গ্রুপে ভালো অবস্থানে টিকে থাকতে হলে রোনাল্ড কোমানের দলের জন্য আজ জয় পাওয়া অত্যন্ত জরুরি। সে কারণে কিছুটা চাপে আছে নেদারল্যান্ডস।
দুই দলের মুখোমুখি ২৫ বারের লড়াইয়ের ইতিহাসে ডাচরা এগিয়ে রয়েছে। তারা জিতেছে ১২টি ম্যাচে।
আজকের ম্যাচে শক্তির বিচার এবং সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও, টুর্নামেন্টের বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাসের দিক থেকে সুইডেন সুবিধাজনক অবস্থানে রয়েছে।
অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৫৫ দশমিক ৯ শতাংশ। সুইডেনের সম্ভাবনা ২০ দশমিক ৮ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ৩ শতাংশ।
ডাচ কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, জাপানের বিপক্ষে ড্র থেকে শিক্ষা নিয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে চান তারা। তবে ফ্রেঙ্কি ডি ইয়ং ও কুইন্টন টিম্বারকে ঘিরে অনিশ্চয়তা কিছুটা চিন্তার কারণ।
অন্যদিকে সুইডেন ভরসা রাখছে তাদের দুই স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও আলেক্সান্ডার ইসাকের ওপর। তিউনিসিয়ার বিপক্ষে দুজনই গোল করে ফর্মের প্রমাণ দিয়েছেন।
সব মিলিয়ে কাগজে কলমে এগিয়ে থাকলেও নেদারল্যান্ডসকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। সুইডেনের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, এই ম্যাচে যেকোনো ফলই সম্ভব।
আজকের ম্যাচে নেডারল্যান্ডস মূলত তাদের প্রচলিত ৪-৩-৩ ফর্মেশনে এবং সুইডেন ৩-৫-২ কিংবা ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামতে পারে। প্রথম ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় রেখে দুই দলের কোচই শক্তিশালী একাদশ সাজানোর পরিকল্পনা করছেন।