তোফাজ্জল হোসাইন কামাল : জুলাই-আগস্ট বিপ্লবের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আইনের প্রয়োগ ও মানবাধিকার কেমন হওয়া উচিত, তা নিয়ে বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে কর্মশালা-মতবিনিময় করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগটি শুরু হচ্ছে। শুরুতেই রাজধানী ঢাকা ও গাজীপুর জেলার সংশ্লিষ্ট ৩৫০ জন কর্মকর্তা এই কর্মসুচীতে অংশ নেবেন। খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুত্রের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান গতকাল সোমবার জানান, আজ সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই কর্মশালা-মতবিনিময় শুরু হবে। এতে চারজন উপদেষ্টাসহ বিচার বিভাগ ও আইনশৃংখলা বাহিনী সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জানতে চাইলে পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট এক শীর্ষ কর্মকর্তা গতকাল সন্ধ্যায় দৈনিক সংগ্রামকে জানান, আজ থেকে শুরু হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মসূচি দেশের সব কটি জেলা ও বিভাগে হবে। আজ রাজধানী ঢাকা ও গাজীপর জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শুরু হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে থেকে এই কর্মশালা-মতবিনিময়ের উদ্বোধন করবেন। এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত থাকবেন। এছাড়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট) খোদা বকস চৌধুরী, পুলিশের আইজি বাহারুল আলম, অঅর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা থাকবেন। তাদের মতামত রাখবেন। কর্মশালা শেষে সার সংক্ষেপ ও প্রস্তাবনা পেশ করা হবে। সে হিসেবে মানবাধিকার রক্ষা ও আইনের প্রয়োগ চলবে।
এর আগে, দেশের বিদ্যমান পরিস্থিতিতে আইন প্রয়োগ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করতে গত ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক পত্রে পুলিশের আইজিকে বলা হয়, রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট/সুবিধাজনক ভেন্যুতে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেট, সকল পাবলিক প্রসিকিউটর, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটনের সকল জোনাল উপপুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত থাকবেন। উক্ত ওয়ার্কশপ/মতবিনিময় সভায় বর্ণিত কর্মকর্তাগণের মধ্যে আনুমানিক ৩৫০ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।
এর আগে রোববার অপারেশন ডেভিল হান্ট নিয়ে এক সংবাদ ব্রিফিং-এ এই কর্মশালার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আগে যে পদ্ধতিতে আইন প্রয়োগ করা হতো আমরা তো সে পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্প্রিরিট নিয়ে কাজটা করতে হবে। সেজন্য আমরা আইনের সঙ্গে যারা জড়িত তাদের সকলের সঙ্গে বসবো। কিভাবে আইনটা প্রয়োগ করা যায় সে বিষয়ে কথা বলবো। তিনি আরও বলেন, আমরা মানবাধিকার ও পরিবেশকে প্রাধান্য দেবো। কারণ মানবাধিকারের কারণেই আন্দোলনটা হয়েছিলো। আমরা চাই আমাদের ভবিষ্যত প্রজন্ম, সন্তানেরা যেন ভালো ভবিষ্যত পায়। আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্রাকটিস থাকে। আয়না ঘর যেন আর না হয় কোনো দিন। সেজন্যই আমরা বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বসবো যাতে যৌথভাবে কাজটি পরিচালনা করা যায়। সেখানে স্বরাষ্ট্র, আইন, গৃহায়ন ও গণপূর্ত, পরিবেশ উপদেষ্টা, পুলিশের আইজি, অ্যাটোর্নি জেনারেল থাকবেন।