টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের বড়দিঘীরপাড়, খিল্লাপাড়ার দক্ষিণ গাজী কালু কলোনি ও হঠাৎ কলোনিসহ আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানি নিষ্কাশনের প্রধান খালটি দীর্ঘদিন ধরে ভরাট ও অপরিষ্কার অবস্থায় থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই বসতঘর, সড়ক ও বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে যায়। এবার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

এলাকাবাসী জানান, পানি জমে থাকায় ঘরবাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবারের রান্নাবান্না ব্যাহত হচ্ছে, শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া জলাবদ্ধতার কারণে জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।

তাদের দাবি, সংশ্লিষ্ট খালটি দ্রুত খনন ও পরিষ্কার করা হলে পানি সহজেই নিষ্কাশিত হবে এবং প্রতি বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ভোগ থেকে এলাকাবাসী রক্ষা পাবেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা হাটহাজারী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত খালটি পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।