গোপালগঞ্জে জনশৃঙ্খলা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান এ আদেশ জারি করেছেন বলে জেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক সহিংসতার তিন দিন পর শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল থাকায় জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। বুধবারের ওই সহিংসতার পর রাত ৮টা থেকে জেলায় জারি করা কারফিউ শুধুমাত্র শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতি দিয়ে টানা চলে শনিবার সকাল ৬টা পর্যন্ত। গোপালগঞ্জ শহরসহ গোটা জেলার সাধারণ মানুষ সময় পার করেছে নানা আতঙ্কে। দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান সব ছিল বন্ধ। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হয়নি। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করায় সেই গুমোট অবস্থা থেকে মানুষ খানিকটা স্বস্তিতে ফিরতে শুরু করেছে। বিভিন্ন সড়কে কিছু কিছু দোকানপাট খোলা দেখা গেছে।