গাজীপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টা ও দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৃথকভাবে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রথম মানববন্ধনে গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদ বলেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, এস এম জহিরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
অপরদিকে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন।