গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে কাপাসিয়া সড়কের পাশে স্থানীয় প্রায় শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় বাঁশ ও পিলার দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহারকারী পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০০ ফুট দীর্ঘ রাস্তার মাঝামাঝি প্রায় ১৫ ফুট জায়গাজুড়ে বাঁশ ও পিলারের বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রবাসী শরীফ খান এ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এর ফলে অন্তত ৭০ থেকে ১০০টি পরিবারের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা এ রাস্তা ব্যবহার করে আসছেন। হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় জরুরি প্রয়োজনে যাতায়াত, অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার মেলেনি। বরং প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ রয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে প্রতিবন্ধকতা অপসারণ করে জনসাধারণের চলাচল নিশ্চিত করার দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সরেজমিনে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, “অভিযোগের বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”