জামায়াতে ইসলামী পাকিস্তানের সেক্রেটারি জেনারেল আমীর-উল-আজীমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামী পাকিস্তানের আমীর ইঞ্জিনিয়ার হাফিজ নাঈমুর রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ অসুস্থতার পর জামায়াতে ইসলামী পাকিস্তানের সেক্রেটারি জেনারেল আমীর-উল-আজীমের ইন্তিকালের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি পাকিস্তান জামায়াতের আমীর, মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং জামায়াতে ইসলামী পাকিস্তানের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি বলেন, মরহুম আমীর-উল-আজীম তাঁর জীবন ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ও উম্মাহর সেবায় উৎসর্গ করেছিলেন। ইসলামী জামিয়াত-ই-তালাবার নেতৃত্ব থেকে শুরু করে পাকিস্তান জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন পর্যন্ত তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবন ছিল অনুকরণীয়। দীর্ঘদিনের অসুস্থতার মধ্যেও তাঁর ধৈর্য, সবর ও অবিচলতা সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ডা. শফিকুর রহমান মরহুমের ত্যাগ ও অবদান কবুল করে তাঁর ভুলত্রুটি ক্ষমা, মর্যাদা বৃদ্ধি এবং জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ স্থান দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে মরহুমের পরিবার ও জামায়াতে ইসলামী পাকিস্তানের নেতাকর্মীদের এ শোক বহন করার শক্তি ও ধৈর্য দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।