স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরে পৃথক অভিযানে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। একই সঙ্গে সদর থানা পুলিশের অভিযানে একাধিক ডাকাতি মামলার আসামি হিসেবে পরিচিত দুর্ধর্ষ ডাকাত সর্দার সেলিমকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত (রোববার) ১২ জুলাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানার একটি আভিযানিক দল টঙ্গীর আউচপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টোকিও টাওয়ারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১টি ছুরি ও ৩টি চাকুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকার মোঃ হৃদয় হোসেন আব্দুল্লাহ, রাকিব, কফিল উদ্দিন ও মোঃ আনোয়ার হোসেন।

পুলিশের তথ্যমতে, গত ৮ জুন টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার সুরতরঙ্গ রোডে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় তারা জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সোমবার (১৩ জুলাই) সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানার একটি চৌকস আভিযানিক দল বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার মোঃ সেলিম (৩৫)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সেলিম গাজীপুর মহানগরের সদর থানা এলাকার নান্দুয়াইন গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। মহানগরে সন্ত্রাস, অস্ত্র, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।