স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের টঙ্গীতে কচুরিপানা ও ঘাস কাটতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের একদিন পর সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রোববার (১২ জুলাই) টঙ্গীর শীলমুন পূর্ব পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ সাব্বির হোসেন (২১) নৌকায় করে কচুরিপানা ও ঘাস কাটার কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকে সাব্বির হোসেনের লাশ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলম জানায়, উদ্ধারকৃত লাশ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।